সরকারি কর্মচারীদের আরও সুবিধা বাড়ানোর চেষ্টা থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতে সরকারি কর্মচারীদের আরও সুবিধা বাড়ানোর চেষ্টা থাকবে বলে জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব। এজন্য সব কর্মকর্তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের সৎ, দক্ষ ও নিরপেক্ষ হতে হবে। সরকার একটি জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলছে, যেখানে স্বচ্ছতা, আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা হবে।
সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আব্দুল বারী বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের সহজে কৃষি উপকরণ ও আর্থিক সুবিধা দেওয়া, সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং খাল খনন কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভ্যাট ও কর আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতে আরও সুবিধা বাড়ানোর চেষ্টা থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186692