ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশনের সভায় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব। ইউনিয়ন পরিষদ নির্বাচন কত পর্বে এবং কবে কবে অনুষ্ঠিত হবে, সব তারিখ জানিয়ে দেব।’
তবে ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না বলে জানান এই কমিশনার। তিনি বলেন, ‘আমরা তফসিল ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা শুধু পর্বগুলো জানিয়ে দেব।’
ইউপি নির্বাচন কবে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেমনটা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই আমাদের সব পর্ব শেষ হয়ে যাবে।’
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ইসি সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে চায় কমিশন।
নির্বাচনের তারিখ নির্ধারণের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186666