ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস : বিজেপি
আন্তর্জাতিক ডেস্ক : রাজপথে আন্দোলনের মাধ্যমে কংগ্রেস ভারতে ‘নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার ভারতের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের পাশাপাশি জেন-জিদের গঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে ওই অভিযোগ করেছে দলটি। বিজেপি বলেছে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষমতায় আসার জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছেন।
বুধবার ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভের কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এসব অভিযোগ করেন। তিনি বলেন, দিল্লিতে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেস কর্মীরা যেভাবে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি করেছেন, তা থেকে দলটির উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘কংগ্রেসের কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেও অরাজক পরিস্থিতির বিস্তার ঘটানো।’’
এদিকে, বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত ‘পিপলস ট্রাইব্যুনালে’ অংশ নেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ইউটিউবার ধ্রুব রাঠী। সেখান থেকে পরবর্তীতে ‘জুতো প্রদর্শন’ বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে সিজেপির।
সিজেপির নেতা অভিজিৎ দিপকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘‘গণহত্যা ও ভোট চুরির’’ অভিযোগ করেছেন। তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। আদালত শুক্রবার এ বিষয়ে শুনানিতে রাজি হয়েছেন।
সূত্র: দ্য হিন্দু, পিটিআই।