ইলিশ আমাদের সম্পদ, এটি রক্ষার দায়িত্বও আমাদের: টুকু

ইলিশ আমাদের সম্পদ, এটি রক্ষার দায়িত্বও আমাদের: টুকু

ইলিশ সম্পদ নিজেদেরই রক্ষা করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘ইলিশ আমাদের সম্পদ, বিশেষ করে আপনাদের (জেলে) সম্পদ। তাই এটি রক্ষা করার দায়িত্বও আপনাদের। আমরা সবাই মিলেই এই সম্পদ রক্ষা করবো। আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের সম্পদ বাড়াব। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা চলতে চাই। দেশপ্রেমকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। এদেশের সম্পদকে আমাদের বাড়াতে হবে।’

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস আয়োজিত জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘ছোট ইলিশের ডিমে দেড় থেকে দুই লাখ ইলিশের বাচ্চা হয়। বড় ইলিশের ডিমে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়া সম্ভব। এই সম্পদ আমাদের, বিশেষ করে আপনাদের (জেলে)। আমরা সব সময় বলে থাকি জলাশয় উন্মুক্ত থাকবে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আছে জাল যার জলা তার। কাজেই মাত্র ২২ দিন আমাদের ধৈর্য্য ধারণ করে থাকতে হবে। আমরা ২৫ কেজি করে চাল দিচ্ছি আপনাদের। এ কয়টা দিন যদি একটু কষ্ট করেন তাহলে আপনাদের সম্পদের পরিমাণই বাড়বে।

ইলিশ আমাদের জাতীয় সম্পদ। জিআই পণ্য। পৃথিবীর যে কয়টি দেশ আছে তার মধ্যে আমরা ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে থাকি। কাজেই ইলিশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। মাদারীপুর ইলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই পদ্মা নদীতে সবচেয়ে সুস্বাদু ইলিশ পাওয়া যায়,’ যোগ করেন তিনি।

এ সময় প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সালাউদ্দিন টুকু বলেন, ‘কোনো প্রকার অবৈধ জাল যেন কেউ ব্যবহার করতে না পারে সেদিকে আমাদের সচেতন থাকতে হবে। আমাদেরকেই আমাদের সম্পদ রক্ষা করতে হবে।’

এ ছাড়াও মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের দেশে মাদক একটি ভয়াবহ সমস্যা। মাদক যুব সমাজকে ধ্বংস করে। ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করে। মাদক থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রত্যেক পরিবারকে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন মাদকের সণ্নগেপরিবারের কোনো সদস্য সম্পৃক্ত না হয়। আমরা এই দেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলব, অর্থনৈতিকভাবে শক্তিশালী করব। সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো.ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব মো. সোহেল রানাসহ অন্যরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186642