কাতারের উপকূলে জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের উপকূলে জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের উত্তর উপকূলে একটি জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

বুধবার (৭ অক্টোবর) সংস্থাটি জানায়, কাতারের মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে ট্যাংকার জাহাজটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা জানানো হয়নি। 

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ব্রিটিশ এই সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থাটি সম্প্রতি হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ার খবর জানিয়েছিল। এর মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল। তবে হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন, তা জানায়নি ইউকেএমটিও। সংস্থাটি বলেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হামলার শিকার জাহাজটি কোন দেশের, সেটিও জানানো হয়নি।

মূলত উপসাগরের মাঝামাঝি এলাকায় কোনো জাহাজে হামলার ঘটনা বেশ অস্বাভাবিক। বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে কাজ করা প্রকাশনা ‘দ্য মেরিটাইম এক্সিকিউটিভ’ জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরের পশ্চিম অংশে কোনো ট্যাংকারে হামলার এটিই প্রথম খবর। এদিকে কাতারের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) মধ্যে হামলার ঘটনাটি ঘটলেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাতার।

আল জাজিরা বলছে, ইরান যুদ্ধের শুরু থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতেই জাহাজে হামলার ঘটনা বেশি ঘটেছে। সরু এই সমুদ্রপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186635