নিউজিল্যান্ডের দায়িত্বে সাবেক উইকেটরক্ষক ব্যাটার
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার বিজে ওয়াটলিং। ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর লুক রঙ্কির স্থলাভিষিক্ত হবেন তিনি।
বর্তমান নর্দার্ন ডিস্ট্রিক্ট পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ওয়াটলিং। তিনি আগামী ১৬ নভেম্বর থেকেই নিউজিল্যান্ডের সাপোর্ট স্টাফে যোগ দেবেন। এরপর একটি পরিবর্তনকালীন সময়ে রঙ্কির সঙ্গে কাজ করবেন তিনি। অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজে নিউজিল্যান্ডের যাত্রার সময় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ওয়াটলিং নিউজিল্যান্ড, নর্দার্ন ডিস্ট্রিক্ট এবং ডারহামের হয়ে মোট ১৭৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়াটলিংয়ের। ১৮ সেঞ্চুরিতে ক্যারিয়ারে আছে ১০ হাজারের অধিক রান। উইকেটের পেছেন নিয়েছেন ৪৫০ ক্যাচ। তার অধীনে ২০২৪-২৫ মৌসুমে প্লাঙ্কেট শিল্ড এবং ২০২৫-২৬ মৌসুমে সুপার স্ম্যাশের শিরোপা জিতেছে নর্দার্ন ডিস্ট্রিক্ট।
নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাতীয় দলের কোচিং স্টাফে ফিরতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন ওয়াটলিং। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সেটআপে ফিরতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। এই দলের সঙ্গে আবার কাজ করার এবং বর্তমান খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগটা বিশেষ। বিষয়টিকে আমি কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না। সাম্প্রতিক বছরগুলোতে এই দল ও সাপোর্ট স্টাফরা একসঙ্গে যে সাফল্য অর্জন করেছে, তা অসাধারণ। বিশ্বমানের এই দলের অংশ হয়ে অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।’
ওয়াটলিংয়ের সাম্প্রতিক কোচিং অভিজ্ঞতা ও দলের খেলোয়াড়দের সঙ্গে তার ভালো সম্পর্কের কথা উল্লেখ করে তাকে সফল হওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ হাই পারফরম্যান্স অফিসার ড্যারিল গিবসন। তিনি বলেন, ‘বিজে কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ওয়েলিংটন ও নর্দার্ন ডিস্ট্রিক্টসে সাম্প্রতিক সময়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমান দলের অনেক খেলোয়াড়ের সঙ্গেই তার দারুণ সম্পর্ক।’
নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টম ল্যাথামও ওয়াটলিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘বিজে এমন একজন, যিনি ব্ল্যাকক্যাপ হওয়ার অর্থটাকেই ধারণ করতেন। তাই তার মতো একজনের আবার দলে ফিরে আসা আমাদের পরিবেশের জন্য দারুণ হবে। মাঠে যতবারই নামতেন, তার পরিশ্রম ও দৃঢ়তা নিয়ে কখনো কোনো প্রশ্ন ছিল না। আমি নিশ্চিত, কোচ হিসেবেও তার একই মানসিকতার প্রতিফলন দেখা যাবে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186618