রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যাপক হামলায় ইউক্রেনে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। হামলায় দেশটির শিল্পকারখানা ও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলাকে রাশিয়ার অন্যতম ‘ঘৃণ্য হামলা’ বলে নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে। সেখানে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে পড়ে। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, প্রিলুকিতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাঁচ শিশুও রয়েছে। রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে রুশ হামলার পর আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। এতে শহরটিতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়। এর আগে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানিয়েছিলেন, দেশজুড়ে নিহতের সংখ্যা ২৮ জন। এর মধ্যে প্রিলুকির হামলায় ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় কিয়েভের প্রসিকিউটররা জানিয়েছিলেন, শহরের উপকণ্ঠে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হয়েছেন।

জেলেনস্কি জানিয়েছেন, হামলায় দেশজুড়ে ১০০ জন আহত হয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনের দিনেই এই হামলা চালানো হয়। রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘পুতিন নিজেকে এমন একটি জন্মদিনের উপহার দিয়েছেন—শিশু ও সাধারণ মানুষের মৃত্যু।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ব্যাপক এই হামলায় রাজধানী কিয়েভের পাশাপাশি মধ্যাঞ্চলের ওলেক্সান্দ্রিয়া ও ক্রেমেনচুক শহরেও বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

জেলেনস্কি জানান, রাতভর ইউক্রেনে প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর অনেকগুলোই ছিল উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া কয়েক ডজন শাহেদ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ‘রুশরা যন্ত্রণাদায়ক ও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে হামলা চালাতে চেয়েছিল। এটি ছিল তাদের অন্যতম ঘৃণ্য হামলা।’ প্রিলুকিতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালান জরুরি বিভাগের কর্মীরা। খননযন্ত্র ও বেলচা দিয়ে ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি ভবনের ওপরের তলায় পৌঁছাতে মই ব্যবহার করেন। এ সময় ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শহরটিতে প্রায় ৫৫ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের সামরিক-শিল্প স্থাপনায় ‘ব্যাপক হামলা’ চালানো হয়েছে। স্থল, সমুদ্র ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য উচ্চনির্ভুলতার অস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ৪৬টি জেটচালিত ড্রোন ছুড়েছে। এর ৮০ শতাংশের কিছু বেশি ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫০ থেকে ৬০ শতাংশ ড্রোন ধ্বংস করতে পেরেছিল। তবে এবার হঠাৎ এই হার কেন বেড়েছে, সে বিষয়ে বিমানবাহিনী কোনো ব্যাখ্যা দেয়নি। সূত্র : রয়টার্স 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186612