দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেতে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: নিখোঁজের সাতদিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ পুলিশ। নিহত প্রশান্ত রায় (১৭) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আসার পর আর ফেরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার কোন সন্ধান মেলেনি। আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে একই এলাকার সাবিত্রী নামে এক মহিলা ধানক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত মৃতদেহটি দেখতে পায়। পরে এলাকার লোকজনকে খবর দেন তিনি।
এরপর স্থানীয় ইউপি সদস্য যতীন্দ্রনাথ বীরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করে। প্রশান্তের বাবা রমেশ চন্দ্র রায় সাংবাদিকদের জানান, তার ছেলে গত বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করছেন তারা। বুধবার দুপুরে পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে অর্ধগলিত অবস্থায় ছেলের লাশ দেখতে পায়। ছেলেকে হত্যার পর ধানক্ষেতে ফেলে রাখার ধরণা করেছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জিডি মূলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত্য্যুর বিষয়ে পুলিশ তদন্ত অবক্যাহত রেখেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186579