দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বাস্থ্য বিভাগের Pathways to Heading (P2H) প্রকল্পের আয়োজনে তিন দিনব্যাপী ‘বেসিক ফার্স্ট এইড অ্যান্ড সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেড ক্রিসেন্ট ইয়ুথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব হলেও সবাই কর্মের মাধ্যমে এ মর্যাদার যথার্থতা প্রমাণ করেন না। রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্তরা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এ দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
উপাচার্য বলেন, যেকোনো দুর্যোগে মানুষের পাশে সবার আগে এগিয়ে আসেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা। জীবন রক্ষা, জরুরি সহায়তা ও মানবিক সেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় নিজেদের দক্ষ ও তৎপর হিসেবে গড়ে তুলতে পারবেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মতো অচিরেই রেড ক্রিসেন্ট ইয়ুথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিবন্ধিত করার উদ্যোগ নেওয়া হবে। এর কার্যক্রমও আরও বিস্তৃত করা হবে, যাতে শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ পান। এ সময় শিক্ষার্থীদের আত্মমর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।
তিনি বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিতে পারেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিআরসিএসের স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ম্যানেজার ড. মো. ফারহান সাদিক খান ও ইউথ অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের হেল্থ রিপ্রেজেন্টেটিভ মেহেদী হাসান। মডারেটরের দায়িত্ব পালন করেন জবি রেড ক্রিসেন্ট ইয়ুথের টিচার ইন-চার্জ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহ্মুদুল হাসান ফৈজী। প্রশিক্ষণে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও মানসিক জরুরি সহায়তা প্রদানের বিভিন্ন কৌশল শেখানো হয়। পরে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186572