নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত ৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। নিহত আব্দুল খালেক (৪৫) নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ বুধবার (৭ অক্টোবর) শ্রমিকরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। সকালে হঠাৎ করেই বিকট শব্দে চালকলটির বয়লারে বিস্ফরণ ঘটে। এতে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এসময় শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়ে।

পরে ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা এসে দেখেন চাতালে আব্দুল খালেক পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত ৪ জন শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকল মালিক পলাতক রয়েছেন।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186568