জয়পুরহাটের বাগজানাতে ১৬শ’ লিটার সির্যাক্স সিরাপ জব্দ, গ্রেফতার ২
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর ও কুটাহাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে উইন সির্যাক্স সিরাপসহ দুইজনকে গ্রেফতার করেছে বিজিবি, এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর তিনটি টহলদল, এসআরবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের একটি টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এসময় দক্ষিণ রামভদ্রপুর এলাকার আব্দুর রহিম (৩৫) ও বাগজানা ইউনিয়নের কুটাহারা গ্রামের রাব্বি হাসানকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রহিম দক্ষিণ রামভদ্রপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং রাব্বি হাসান কুটাহাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযানে তাদের কাছ থেকে উইন সির্যাক্স সিরাপের ৬ বোতল ও ১ হাজার ৬০০ মিলিলিটার খোলা সিরাপ জব্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতার দুই ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186555