বগুড়ার ‘শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে ১ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে ‘শহিদ ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে জব্দ করা প্রায় আড়াই শ কেজি ক্ষতিকর খাদ্যসামগ্রী ও উপাদান ধ্বংস করা হয়।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং এসআরবি-১২, বগুড়ার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করে। অভিযান কালে দেখা যায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর সংরক্ষণ করা হচ্ছিল।
এছাড়াও মেঝেতে অত্যন্ত নোংরা পরিবেশে ও পায়ে মাড়িয়ে ময়দার ডো (খামির) তৈরি করতে দেখাযায়। পাশাপাশি পোড়া তেলে চানাচুর ভাজাসহ খাদ্য উৎপাদনে নিষিদ্ধ নন-ফুড গ্রেড রং ব্যবহার করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া বিধি মোতাবেক আনুমানিক ৮০ কেজি পায়ে মাড়িয়ে তৈরি ময়দার ডো, ৭০ কেজি চামড়ায় ব্যবহৃত লবণ এবং ৮০ কেজি ব্যবহার অনুপযোগী পোড়া তেল জব্দ করে তা ধ্বংস করা হয়। বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186549