সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
সেপ্টেম্বর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট।
মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বরের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে এ চিত্র পাওয়া গেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ২২ শতাংশ হয়েছে। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট। তবে গত বছরের সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ, যা চলতি বছরের একই সময়ের তুলনায় বেশি।
অন্যদিকে, সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি শূন্য দশমিক ০২ শতাংশীয় পয়েন্ট কমেছে। তবে গত বছরের সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186530