সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচে সংঘর্ষ আহত ১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচে সংঘর্ষ আহত ১৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলায় করতোয়া নদীতে নৌকা বাইচ চলাকালে দুই নৌকার বাইচালদের মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সেমিফাইনালে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হন। সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরাট নবশক্তি ফাইটার পানসির বাইচালদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সোনাবাজু একতা এক্সপ্রেস পানসি নৌকাটি নদীতে ডুবে যায়। ডুবে যায় সোনার বাংলা নামের আরও একটি পানসি।

আহতদের মধ্যে উল্লাপাড়া উপজেলার বাহিমান গ্রামের সবুজ হোসেন, আব্দুল হালিম ও নজরুল ইসলামের অবস্থা গুরুতর। এরা সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করছিলেন। এদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপর আহতদের নাম জানা যায়নি। উপজেলার সলপ ও দুর্গানগর ইউনিয়ন বিএনপি যৌথভাবে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

নৌকা বাইচ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সোনতলা সড়ক সেতুর পাশে করতোয়া নদীতে সেমিফাইনাল নৌকা বাইচ চলাকালে সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরাট নবশক্তি ফাইটার পানসি দুটি  প্রতিযোগিতায় একেবারে পাশাপাশি হয়ে গেলে বাইচালদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় নৌকার বাইচালরা বৈঠা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

এতে অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে সোনাবাজু একতা এক্সপ্রেসটি নদীতে ডুবে যায়। একই সাথে এ নৌকাটি দুটির সংঘর্ষ ঠেকাতে বাহিমান সোনার বাংলা এক্সপ্রেস নামের অপর একটি পানসি নৌকাও নদীতে ডুবে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মেহেদী হাসান জানান, সংঘর্ষের ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186524