মেসির বিদায়ে আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমণির
বিনোদন ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকেও স্মরণীয় করে রেখেছেন তিনি। প্রিয় তারকার বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগে ভেসেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও।
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা ও পরীমণি। তাদের পোস্টে ফুটে উঠেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি আর বিদায়ের আবেগ।
মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’
মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমনি। দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়... আজ একটা যুগের শেষ অধ্যায়।’ মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতিও তুলে ধরেছেন পরীমনি। তিনি বলেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’
বিশেষ করে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের মুহূর্তটি স্মরণ করেছেন পরীমনি। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার সেই আনন্দ কখনো ভুলে যাওয়ার নয় বলেও উল্লেখ করেন তিনি। সবশেষে পরীমনি লেখেন, ‘বিদায় নয়, লিও, তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186501