নেপালের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘আ লেটার অব পোস্টমাস্টার’
নেপালের গৌতম বুদ্ধের জন্মস্থান ও ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য লুম্বিনীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬’। তিন দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের নির্মাতা সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ লেটার অব পোস্টমাস্টার’ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
আগামী ৮ থেকে ১০ অক্টোবর নেপালের পালপা জেলার তানসেনে অনুষ্ঠিত হবে উৎসবটি। ‘কথা মন্ডলা’ ও ‘সঞ্চার মঞ্চ’-এর আয়োজনে এতে বাংলাদেশসহ সাত দেশের মোট ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র। পাশাপাশি চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ও মাস্টার ক্লাসের আয়োজন থাকছে।
উৎসবের দ্বিতীয় দিন ৯ অক্টোবর সকাল ১১টায় প্রদর্শিত হবে সুপিন বর্মনের ‘আ লেটার অব পোস্টমাস্টার’। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘পোস্টমাস্টার’-এর রতন চরিত্রকে কেন্দ্র করে গবেষণামূলক ও অনুসন্ধানী আঙ্গিকে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সুপিন বর্মনের পরিচালনায় ২০২৩ সালে এটি নির্মিত হয়।
নির্মাতা সুপিন বর্মন জানান, চলচ্চিত্রটি এরই মধ্যে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রটি তিনটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
উৎসব পরিচালক আভাস রিজাল জানান, প্রথমবারের এই আয়োজনে সাত দেশের ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি নির্মাতা ও দর্শকদের মধ্যে মতবিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং চলচ্চিত্র বিষয়ে মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে।
লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছে তানসেন পৌরসভা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186489