ইরানের অর্থনীতি ধসে পড়বে না : কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

ইরানের অর্থনীতি ধসে পড়বে না : কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের অর্থনীতি ধসে পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (সিবিআই) গভর্নর আবদোলনাসের হেম্মতি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অর্থনীতি দ্রুত ধসে পড়ার যে পূর্বাভাস দেয়া হয়েছে, তা নাকচ করে তিনি বলেছেন, এই পূর্বাভাস বাস্তবে রূপ নেবে না। বরং মৌলিক প্রয়োজন মেটানোর জন্য ইরানের কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ইরানের অর্থনীতি ‘দুই সপ্তাহের মধ্যে ধসে পড়বে’ বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এর আগে পূর্বাভাস দিয়েছিলেন। তবে মার্কিন এই পূর্বাভাসকে নাকচ করার পাশাপাশি এটিকে ‘ভিত্তিহীন কল্পনা’ বলেও অভিহিত করেন হেম্মতি। সংবাদমাধ্যম শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ধসে পড়ার মার্কিন পূর্বাভাসের প্রসঙ্গে গভর্নর আবদোলনাসের হেম্মতি একটি প্রবাদ ব্যবহার করে বলেন, ‘শরৎ শেষেই মুরগি গোনা হয়’ অর্থাৎ ডিম ফোটার আগেই মুরগির বাচ্চা গুনো না।

গালফ নিউজ বলছে, ট্রেন্ড নিউজ এজেন্সির প্রতিবেদনে হেম্মতির বক্তব্যের বিস্তারিত তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরু করেছে। এর লক্ষ্য দেশটির বৈদেশিক মুদ্রাবাজার ও আর্থিক ব্যবস্থা। তবে তিনি আশ্বস্ত করে বলেন, বাজার স্থিতিশীল রাখতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের হাতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা রয়েছে।

গভর্নর আবদোলনাসের হেম্মতির মতো ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান মোহসেন রেজায়িও সম্প্রতি বলেছেন, ইরানের অর্থনীতি শিগগিরই ধসে পড়বে বলে যুক্তরাষ্ট্র যে পূর্বাভাস দিয়েছে, তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186477