নওগাঁয় স্বর্ণের লোভে ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে নারীকে হত্যা, আসামির যাবজ্জীবন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্বর্ণ ছিনতাইয়ের লোভে ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে এক নারীকে হত্যা মামলায় সোহেল রানা ওরফে হানিফ নামে একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে তাকে পাঁচ লাখ টাকা অর্থদন্ড , অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন। আসামি সোহেল রানা ওরফে হানিফ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার নয়ানন্দন দারোগাবাড়ী এলাকার মফিজুল হকের ছেলে। সে নওগাঁ শহরের পারঘাটি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো।
জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর পারঘাটি এলাকার ইসরাইল শেখের স্ত্রী কহিনুর বেগমের স্বামী দুপুরে ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ছিলেন কহিনুর। পূর্বপরিচিত ও পারিবারিকভাবে ঘনিষ্ঠ হওয়ায় সোহেল রানার ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার দিন এই সুযোগে সে বাড়িতে প্রবেশ করে ড্রিল মেশিন দিয়ে কহিনুরের মাথা ফুটো করে জখম করে।
এরপর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় কহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বজনরা নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলার তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. মাহফুজ আলম খান বলেন, মামলার বিচারকাজে সাক্ষীদের সাক্ষ্য, চিকিৎসা প্রতিবেদন, আসামির সাথে নিহতের পূর্বপরিচয় এবং ঘটনার সময়ের পারিপার্শ্বিক পরিস্থিতিসহ উপস্থাপিত বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেন আদালত। আদালতের এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186444