পঞ্চগড়ের বোদায় হানি ট্র্যাপের অভিযোগে ২ জন গ্রেফতার
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় পরিমল চন্দ্র বর্মন (৩০) নামে এক যুবককে ‘হানি ট্র্যাপে’ ফেলে মারধর, ২৫ হাজার টাকা চাঁদাবাজি এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত রোববার বিকেলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে একইদিন রাতে ভুক্তভোগী পরিমল বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে বোদা থানায় মামলা দায়ের করেন।
তখন পুলিশ তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (৩০) ও সাহেল রানা (৩৪)। মামলার অন্য নামীয় আসামিরা হলেন শাহীন মজুমদার (৫০), মাহাবুব হোসেন আরিফ (৩৫) এবং রাজু ইসলাম (৩২)।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা ও গ্রেফতারকৃত দুই আসামিকে জেলহাজতে প্রেরণের তথ্য নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186426