জন্মদিনে ‘অকারণ’-এ হিমি
গত ৪ অক্টোবর ছিলো নাট্যাঙ্গনের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি’র জন্মদিন। কাজের চাপের ধারাবাহিকতা থাকায় এবারের জন্মদিন তিনি কাজের মাঝেই কাটিয়েছেন। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ‘অকারণ’ শিরোনামের একটি নাটকের কাজে জন্মদিনে ব্যস্ত ছিলেন হিমি। তিনি জানান, অকারণ’ শিরোনামের এই নাটকে তনু চরিত্রে অভিনয় করছেন তিনি।
হিমি বলেন,‘সত্যি বলতে কী কোনো উপায় ছিলো না। যে কারণে জন্মদিনেও নাটকের কাজ করতে হয়েছে। অকারণ-নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর ভাই। গল্প খুব সুন্দর। আমাদের প্রাত্যহিক জীবনের নানান বাঁকের গল্প উঠে এসেছে এই নাটকে। যেহেতু রাজধানীর মতিঝিলের কলোনী’সহ ফার্মগেট এবং আরো অন্যান্য এলাকায় এর দৃশ্য ধারনের কাজ হয়েছে সে কারণে লোকেশনের দিক দিয়েও ভিন্নতা এসেছে। আশা করি দর্শকদের ভালোলাগবে। আর যথারীতি আমি আমার চরিত্রটিও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মন দিয়ে। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শক এবং শুভাকাঙ্খীদের কাছে কারণ তারা আমাকে আমার জন্মদিনে শুভেচ্ছা, ভালোবাসায় সিক্ত করেছেন। আমি কৃতজ্ঞ আমার মিডিয়া পরিবারের কাছেও। আমি আমার পরিবারের কাছেও আন্তরিকভাবে কৃতজ্ঞ একটা সুন্দর শুঙ্খলিত জীবনের মাঝে আমাকে রেখেছে। আম্মু আব্বুর প্রতি অসীম ভালোবাসা।’
এরইমধ্যে দুইদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে হিমি অভিনীত মহিন খান পরিচালিত একক নাটক ‘কঞ্জুস প্রবাসী’। এ নাটকেও তার সহশিল্পী নিলয় আলমগীর। এদিকে এরইমধ্যে হিমি তানভীর তন্ময়ের পরিচালনায় নাফ এন্টারটেইনম্যান্ট ইউটিউবে প্রচারের জন্য ‘প্রথম প্রেমের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। এতেও তার সহশিল্পী নিলয় আলমগীর। এই ধারাবাহিকটি নিয়েও প্রত্যাশা হিমির। গত ৩ অক্টোবর রাতে হিমি তাদের বাসায় তার মা ও বাবাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন। হিমির জন্য হিমির মা রোকসানা বেগমও দোয়া চেয়েছেন।
রোকসানা বেগম বলেন,‘দেশবাসীর কাছে, হিমির ভক্তদের কাছে আমার মেয়ে হিমির জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আরো সুন্দর সুন্দর গল্পের নাটক যেন দর্শককে উপহার দিতে পারেন।’ ছোটবেলায় হিমি গান গাওয়া শিখেছেন। যে কারণে ২০২৫ সালে তিনি সিয়াম আহমেদ-এর সঙ্গে ‘তুমি আমায় ভালোবাসো’ শিরোনামে ইত্যাদিতে গান গেয়েছেন। ২০২৬ সালে হিমির সঙ্গে রাফি ‘দুজন দুজনার’ শিরোনামে একটি গানে কন্ঠ দেন। হিমি অভিনীত একমাত্র সিনেমা রেশমী মিত্র পরিচালিত ‘হঠাৎ দেখা’।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186419