বগুড়ায় বকুল হত্যা, স্ত্রীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

বগুড়ায় বকুল হত্যা, স্ত্রীকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : বগুড়ায় রাকিবুল হাসান বকুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি নিহতের স্ত্রী পারভীনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও উপ-শহর পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নেন স্থানিয় জনতা ও স্বজনরা।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর নগরীর ঝোপগাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়ির সামনে বকুলকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় সেসময় ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী পারভীন ও বুলি বেগমকে আটক করে পুলিশ।

পরে নিহতের স্বজনেরা আটক দুইজনসহ ৮ জনকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। স্বজনদের অভিযোগ, মামলা দায়েরের পরও পায়ে আঘাত থাকার কারণ দেখিয়ে এজাহারনামীয় আসামি পারভীনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নিহতের স্বজনরা প্রথমে বগুড়া নগরীর সাতমাথা-বারপুর সড়ক অবরোধ ও মানবন্ধন করেন। পরে তারা উপশহর পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে প্রধান ফটক অবরোধ করে অবস্থান নেন।

একপর্যায়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে ফাঁড়ির ফটক ছেড়ে আবারও সড়কে অবস্থান নেন তারা। বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ লোকজন।

‎নিহতের স্বজনদের অভিযোগ, বকুল হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে এজাহারনামীয় আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায়ও তারা ক্ষোভ প্রকাশ করেন।

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন,ইতোমধ্যে তিনজন আসামিকে গ্রেফতারের পর তারা আদালতে বকুল হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন৷ এছাড়া নিহত বকুলের স্ত্রী অভিযুক্ত পারভীনকে গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186415