থাইল্যান্ডের স্বপ্ন ভেঙে প্রথম আসিয়ান কাপ ইন্দোনেশিয়ার
১২০ মিনিটের লড়াইয়েও নিষ্পত্তি হয়নি ম্যাচ। শেষ পর্যন্ত টাইব্রেকারের রোমাঞ্চে থাইল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে ফিফা আসিয়ান কাপের প্রথম শিরোপা জিতেছে ইন্দোনেশিয়া। স্বাগতিকদের জয়ের নায়ক গোলরক্ষক এমিল অদেরো, যিনি টাইব্রেকারে থাইল্যান্ডের একটি শট ঠেকিয়ে দেন।
সোমবার (৫ অক্টোবর) রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের স্কোর ছিল ১-১। অতিরিক্ত ৩০ মিনিটে দুই দল আরও একটি করে গোল করায় ১২০ মিনিট শেষে ম্যাচ ২-২ সমতায় থাকে। এরপর টাইব্রেকারে ইন্দোনেশিয়া ৪-২ গোলে জয় নিশ্চিত করে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকার চেষ্টা করে ইন্দোনেশিয়া। প্রথমার্ধে তারা তিনটি শট নেয়, যেখানে থাইল্যান্ডের শট ছিল দুটি। বল দখলেও স্বাগতিকদের আধিপত্য ছিল। ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৮৪ মিনিটে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ডিন জেমসের নেওয়া শট থাইল্যান্ডের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। তাতে উচ্ছ্বাসে মেতে ওঠে স্বাগতিক সমর্থকেরা।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় থাইল্যান্ড। সেকস্যান রাত্রের পাস থেকে গোল করেন ইকলাস সানরন। ১-১ সমতায় নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও কোনো গোল হয়নি। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন ১১১ মিনিটে আবারও এগিয়ে যায় থাইল্যান্ড। অ্যানের অ্যাসিস্ট থেকে পিরাডল চামরাসামি গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
শিরোপা তখন থাইল্যান্ডের হাতের নাগালে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় ইন্দোনেশিয়া। ১১৫ মিনিটে এলকান বাগোত গোল করে আবারও ম্যাচে সমতা ফেরান। এরপর বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-২ স্কোরলাইনেই শেষ হয় অতিরিক্ত সময়।
ফলে ফাইনালের ভাগ্য নির্ধারণে শুরু হয় টাইব্রেকার। প্রথম দুই শটে দুই দলই গোল করে। ইন্দোনেশিয়া নিজেদের তৃতীয় ও চতুর্থ শটেও সফল হয়। কিন্তু থাইল্যান্ডের তৃতীয় শট বারে আঘাত করে ফিরে আসে। এরপর চতুর্থ শটও আটকে দেন ইন্দোনেশিয়ার গোলরক্ষক এমিল অদেরো।
তাতেই থাইল্যান্ডের শিরোপার আশা শেষ হয়ে যায়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ফিফা আসিয়ান কাপের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লেখায় ইন্দোনেশিয়া।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186372