মুন্সীগঞ্জে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের বাড়ির পাশের রাস্তার খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামসুন্নাহার ওই গ্রামের লিয়াকত খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিরাজদিখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শামসুন্নাহার। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে অবহিত করেন স্বজনরা।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের রাস্তার খাদে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, সোমবার বিকেল থেকে তারা বিভিন্ন স্থানে তার মাকে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যায় তাকে না পেয়ে থানায় বিষয়টি জানানো হয়। তাদের সঙ্গে কারও বিরোধ বা শত্রুতা নেই। তার মা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহত নারী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186353