পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ জিরার আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড সূত্র জানায়, ৪ অক্টোবর রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী।

এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২১ হাজার কেজি জিরা জব্দ করা হয়। একই সঙ্গে জিরা পরিবহনে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ জিরা ও কার্গো বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186340