ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর : কর্মসূচি ঘোষণা প্রশাসনের
ঢাবি প্রতিনিধি : ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৪০ জন নিহতের ৪১ বছর পূর্ণ হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। এ ঘটনায় নিহত ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারীর স্মরণে প্রতি বছর দিনটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আগামী ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে প্রশাসন। এদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ করা হবে।
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি বের হবে। র্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সব হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হবে। হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র ও তাদের বিষয়ে তথ্যসম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় মোট ৪০ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। এ ঘটনায় অনেকে আহত হন। নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের তৎকালীন একটি ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে মারা যান ৪০ জন। সেই থেকে প্রতিবছর এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয়। নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ১৫ অক্টোবর শোক দিবস পালন করে ঢাবি কর্তৃপক্ষ। এছাড়া ভবনটির সামনে নিহতদের স্মরণে তাদের নামসংবলিত একটি নামফলক স্থাপন করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186337