জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।
এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের আইনগত পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট তৈরি, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সরকারি ও নাগরিকসেবা গ্রহণে জন্মনিবন্ধন প্রয়োজন হয়। একইভাবে উত্তরাধিকার নির্ধারণ, বীমা, জমিজমা ও অন্যান্য প্রশাসনিক কাজে মৃত্যু নিবন্ধনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তবে সঠিক ও নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে পুরোনো জন্মনিবন্ধন সনদে বাংলা ও ইংরেজি নামের ঘরে অস্বাভাবিক শব্দ, ভুল বানান কিংবা অসম্পূর্ণ তথ্য থাকার অভিযোগ করছেন অনেক নাগরিক। এসব ভুলের কারণে পরবর্তী সময়ে জন্মনিবন্ধন সংশোধন করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
নিবন্ধন সংশ্লিষ্টরা বলছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি নিবন্ধনে ভুল থাকলে পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের নথিসহ বিভিন্ন সরকারি কাগজপত্রে তথ্যগত অসামঞ্জস্য তৈরি হতে পারে।
দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানীসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিশেষ জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186317