জয়পুরহাটে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ী থেকে ৭৬ বস্তা অবৈধভাবে মজুদ করা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালাত। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়ি থেকে সার জব্দ করা হয়।
জানা গেছে, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শিরতা গ্রামে অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
এসময় প্রশাসনের উপস্থিতিতে কৃষক রমজানের বাড়ী থেকে ৭৬ বস্তা অবৈধভাবে মজুদ সার জব্দ করা হয়। সেইসাথে ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডের উল্লেখিত জমির পরিমাণ কেটে প্রকৃত জমির পরিমাণ দেওয়া হয়।
রমজানের নিজস্ব জমি ২৫ শতাংশ ও পত্তন ৪ একর জমি চাষাবাদ করেন বলে কৃষক উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ রয়েছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, কৃষক রমজানের প্রকৃত জমির পরিমাণ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186298