এমপি গাজী নজরুলের জামিন আবেদন

এমপি গাজী নজরুলের জামিন আবেদন

এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা মামলায় জামিন চেয়েছেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সোমবার তার আইনজীবী মাহাবুবুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে জামিনের আবেদন করেন। আদালত বুধবার (৭ অক্টোবর) এ আবেদনের শুনানির দিন ধার্য করেছে।

গাজী নজরুল ইসলামের আইনজীবী মাহাবুবুর রহমান বলেন, মরিয়মের পরিবারের সঙ্গে আসামিদের আপস হয়েছে। বাদীপক্ষের পক্ষ থেকে জামিনে আপত্তি নেই বলেও আদালতকে জানানো হয়েছে। 

এর আগে ৩০ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। সেদিন আদালত মাকছুদা ইসলামকে জামিন দিলেও গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করে।

মামলাটিতে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলার পরদিন পুলিশের আবেদনে গাজী নজরুল ইসলামের চারদিনের এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজী নজরুল ইসলামের আরও এক দফা রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

মামলায় মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার কারাগারে পাঠানো হয়। তার জামিন আবেদনের শুনানি মঙ্গলবার হওয়ার কথা রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186259