দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ

দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে নৌপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুরাতন ঠোটারপাড়া নদী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ করা হয়। বিজিবির চোরাচালান বিরোধী এই অভিযানে পাচারকারীদের চেষ্টা নস্যাৎ হয়ে গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় এসব সার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), ৪ হাজার কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৃষি উপকরণগুলো অবৈধ উপায়ে ভারতে পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে বিজিবি নিশ্চিত করেছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার যেন অবৈধভাবে বাইরে পাচার না হতে পারে, সে জন্য তদারকি জোরদার করা হয়েছে। জব্দকৃত সারের বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186232