শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে টাকা বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞতা পীরগঞ্জবাসীর

শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে টাকা বরাদ্দ দেওয়ায় কৃতজ্ঞতা পীরগঞ্জবাসীর

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের শহিদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার মা-বাবার থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঘোষণাকৃত টাকা বরাদ্দ হওয়ায় খুশি পীরগঞ্জবাসী।

একইসাথে শহিদ আবু সাঈদের পরিবারের জন্য কিছু করার অভিপ্রায় শুধু যে স্বপ্ন নয় এখন বাস্তবের পথে সেটি ভেবেই সরকারকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় সুধীমহল। বরাদ্দ দেওয়ার ঘোষণা বাস্তবায়নে অত্যন্ত খুশি শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যরা। তারা সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

গত রোববার সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। গত ২৯ সেপ্টেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে গিয়ে শহিদ আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, তার মা-বাবার থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করতে সরকার কাজ করছে। আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, এটি তরুণ সমাজ ও ছাত্র-জনতার জন্য অনুপ্রেরণা। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন সারা দেশের মানুষকে রাজপথে নামিয়েছিল, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আবু সাঈদ আমাদের অনুপ্রেরণা। তার আত্মত্যাগ তরুণদের মধ্যে, সমাজের মধ্যে এবং ছাত্র-জনতার মধ্যে একটি আন্দোলনকে প্রজ্বালিত করেছিল। সেই আন্দোলনে সারা দেশের লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল। শহিদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদ গণ-অভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই। তার বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ঘোষিত এক কোটি টাকা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য জেলা পরিষদ প্রশাসককে নকশা তৈরির নির্দেশনাও দেন। এছাড়া রংপুর স্টেডিয়ামকে শহিদ আবু সাঈদের নামে করার আগ্রহের কথাও জানান প্রতিমন্ত্রী। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রংপুর জেলা স্টেডিয়ামের নাম ইতিমধ্যে শহিদ আবু সাঈদ স্টেডিয়াম করা হয়েছে।

জেলা পরিষদ সূত্রমতে, বিশেষ এ বরাদ্দের ফলে রংপুরের বিভিন্ন এলাকায় শিক্ষা, অবকাঠামো, সৌরবিদ্যুৎ এবং শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার প্রেরিত পত্রে চলতি ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীনে বিশেষ বরাদ্দ শীর্ষক উপখাত হতে এককালীন অর্থ অবমুক্তির বিষয়টি জানানো হয়। এছাড়াও পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য সাইকেল সরবরাহকরণ, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সৌর বিদ্যুৎ উৎপাদন, পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বিদ্যালয় উন্নয়নেও সরকার টাকা বরাদ্দ দিয়েছে। 

সার্বিক বিষয়ে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আমরা পীরগঞ্জবাসী সরকারের নিকট কৃতজ্ঞতা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ধন্যবাদ জানায়। বিএনপি সরকার সব সময়ই উন্নয়নে বিশ্বাসী। আমরা সরকারের মাধ্যমে শহিদ আবু সাঈদের পরিবারের জন্য কিছু করতে পারছি এটির মাধ্যমে আবু সাঈদের পরিবারকে আমরা সম্মানিত করছি। দ্রুত সময়েই এসব উন্নয়নের কাজ শুরু করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186203