যুক্তরাষ্ট্রে পার্টিতে গোলাগুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রে পার্টিতে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ভিয়েনা শহরে ‘হোমকামিং’ পার্টিকে কেন্দ্র করে গোলাগুলিতে দুজন নিহত ও প্রায় তিন ডজন মানুষ আহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, পার্টিতে এক হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন। ভিয়েনার একটি স্থানে জড়ো হওয়া লোকজনের কাছ থেকে প্রায় এক ব্লক দূরের অন্তত দুটি স্থানে ৫০টির বেশি গুলি চালানো হয়। গোলাগুলি শুরুর সময় ডেপুটিরা ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। তারা সেখানে পৌঁছানোর পরও প্রায় এক ব্লক দূরে আবার গুলি চালানো হয়। ডুলি কাউন্টি হাই স্কুলের ‘হোমকামিং’ সপ্তাহান্তের আয়োজন ঘিরে এ ঘটনা ঘটে। 

শুক্রবার রাতে স্থানীয় হাই স্কুলের ফুটবল দলের ‘হোমকামিং’ ম্যাচে জয়ের পর আশপাশের বিভিন্ন কাউন্টি থেকে লোকজন ওই পার্টিতে জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। পার্টিতে থাকা ৩০ বছর বয়সী অ্যাশলি জি জানান, দ্রুতগতিতে গুলির শব্দ শুনেছেন এবং এরপর মানুষজন ছোটাছুটি শুরু করে।

ডুলি কাউন্টি স্কুল সিস্টেমের সুপারিনটেনডেন্ট শেরড উইলাফোর্ড বলেন, গোলাগুলির ঘটনাটি স্কুল আয়োজিত কোনো অনুষ্ঠানে ঘটেনি। ঘটনার প্রভাব শিক্ষার্থী, তাদের পরিবার ও কর্মীদের ওপর পড়তে পারে জানিয়ে সোমবার স্কুল খোলা রাখার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ভিয়েনার মেয়র এডি ড্যানিয়েলস বলেন, বাড়ি থেকে প্রায় এক ব্লক দূরেই গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের আশপাশে পুলিশের গাড়ির বাতি দেখতে পান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তখনো কথা হয়নি এবং ঘটনার বিস্তারিত জানা নেই। ড্যানিয়েলস আরও জানান, ওই ‘ব্লক পার্টি’ আয়োজনের জন্য শহর কর্তৃপক্ষ কোনো অনুমতি দেয়নি। এটি আদৌ ‘হোমকামিং পার্টি’ ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত নন।

জিবিআইয়ের মুখপাত্র লিডিয়া বুলার্ড জানান, গোলাগুলির ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি নয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186188