সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সংস্থাটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পায়। গতকাল শনিবার দিনব্যাপি উপজেলার সলঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স নাঈম ট্রেডার্সের মালিক আজিজুল হককে ১০ হাজার ও আলিম ইলেকট্রনিকসের মালিক আব্দুল কুদ্দুসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এই অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186168