জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে ১৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা মধ্যপাড়া এলাকায় বিজিবি, এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তালিকাভুক্ত আরও এক আসামি পালিয়ে যায় বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার উচনা মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল এবং এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের আরও দুটি টহলদল যৌথভাবে এ অভিযান চালায়। গ্রেফতার ব্যক্তি হলেন উচনা মধ্যপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩০)। অভিযানকালে তার কাছ থেকে ১৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ৫০ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রাহেদ (গনো) (৪০) পলাতক রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, হাটখোলা সীমান্তবর্তী এলাকায় আটক মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্য এবং স্থানীয় বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার করা মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186160