পঞ্চগড়ে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি

পঞ্চগড়ে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতের আধারে প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ১১ টি ফ্যান চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরের কিছু টাকা নিয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। তবে বিদ্যালয়ের কাঠের আলমারিতে রাখা ল্যাপটপ ও একটি প্রজেক্টরের সরঞ্জাম অক্ষত আছে বলে জানা গেছে। চুরির কাজে ব্যবহৃত একটি স্ক্রু ড্রাইভার রেখে গেছে চোরেরা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আজ রোববার (৪ অক্টোবর) সকালে তারা বিদ্যালয়ে নিজ নিজ কক্ষে প্রবেশ করে ফ্যানের সুইচ দিতেই দেখে রুমে কোন ফ্যান নেই। দিনের বেলা প্রচন্ড গরমে ক্লাস করতে প্রচুর কষ্ট হচ্ছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ বলেন, আমরা প্রতিদিনের মত সকালে এসে বিদ্যালয়ের তালা খুলি। পরে অফিসরুম এলোমেলো দেখতে পাই। টেবিলে জুতার ছাপ দেখি। উপরে তাকাতেই দেখি চারটি ফ্যান নেই।

পরে চতুর্থ ও পঞ্চম শ্রেণির রুমেও দেখি আরো ৭টি ফ্যান নেই। রাতের বেলা কে বা কাহারা বিদ্যালয়ের তালা ভেঙে ফ্যানগুলো নিয়ে গেছে। তারা বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরে রাখা কিছু টাকা নিয়ে গেছে। আমাদের সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি বিষয়টি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোন অভিযোগ করে নি। অভিযোগ করলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186159