মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গাজীপুরে গ্রেফতার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গাজীপুরে গ্রেফতার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর ঢাকার একটি কিশোরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ইমন হোসেনকে (৪৫) গাজীপুর থেকে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ।

গতকাল শনিবার সকালে গাজীপুর জেলার পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন হোসেন দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের জগতপুর মহাজনপাড়া এলাকার মো. হাবিবুর রহমান ওরফে বাবুর ছেলে।

আজ রোববার (৪ অক্টোবর) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে দিনাজপুরের বিরল থানা থেকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, ইমন হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের দক্ষিণখান থানায় দায়ের করা ২০১২ সালের ২৫ সেপ্টেম্বরের হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। মামলায় এক কিশোরীকে গলা কেটে হত্যার অভিযোগ আনা হয়।

মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত ইমন হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা কার্যকরের জন্য ওয়ারেন্ট জারি করা হয়। তার স্থায়ী ঠিকানা দিনাজপুরের বিরল উপজেলায় হওয়ায় ওই ওয়ারেন্ট বিরল থানায় পাঠানো হয়।

এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186141