চাঁপাইনবাবগঞ্জের সতীনের ছেলের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সতীনের ছেলে মো. আশিকের ছুরিকাঘাতে মা আয়েশা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। নিহত আয়েশা জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের বাবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং বাবুল হোসেনের প্রথম পক্ষের ছেলে আশিক।
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে বাবুলের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আশিক পালিয়ে যায়। আশিকের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় বাবুলের বাড়িতে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আয়েশাকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রতিবেশীরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে নিকটস্থ জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, আয়েশার পেটে ৪টি এবং হাতে ও চোখে একটি করে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আশিককে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186133