জাইমা রহমান মেধা-যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন: মাহদী আমিন

জাইমা রহমান মেধা-যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে ভুল তথ্য এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, একটি অনুষ্ঠানে জুবাইদা রহমান একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে মঞ্চে থাকবেন এমন তথ্য ছড়ানো হয়েছিল। পরে আয়োজকরাই বিষয়টি ভুল বলে নিশ্চিত করেন।

জাইমা রহমানকে নিয়েও অপপ্রচার হয়েছে বলে দাবি করে মাহদী আমিন বলেন, জাইমা রহমান তার যোগ্যতা ও মেধার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন। এর সঙ্গে বাংলাদেশ সরকারের ন্যূনতম সম্পর্ক নেই। অথচ তার চাকরিটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে প্রচার করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে অশুভ প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল (শনিবার) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি আপলোড করার পর সেটি নিয়ে অনেকে অপপ্রচার করেছেন। অথচ ছবিটি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে এবং রবিবার ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে। তাহলে কেন এই মিথ্যাচার? প্রশ্ন করেন মাহদী আমিন।

 

ক্ষমতাসীন বিএনপিকে নিয়েও অপপ্রচার হয়েছে বলে দাবি করেন মাহদী আমিন। সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজির অভিযোগ তুললেও পরে বিষয়টি ভিন্ন প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেন। বলেন, সংশ্লিষ্ট জায়গাটি অবৈধ হওয়ায় জায়গা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এর সঙ্গে রাজনীতির ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল না।তবে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। গ্রেপ্তার, মামলা ও তদন্ত চলছে। এরপরও বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ প্রচার করা হয়েছে।

 

প্রত্যেকেরই আরো গঠনমূলক আলোচনা-সমালোচনার দিকে যাওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র। বলেন, যা সত্য ও ন্যায্য, সেটাকে তুলে ধরা; যেটা অনৈতিক, যেটা অন্যায্য, সেটাকেও নির্মোহভাবে তুলে ধরা উচিত।

বর্তমান সরকারের সময়ে সর্বোচ্চ বাক্‌স্বাধীনতা রয়েছে দাবি করে মাহদী আমিন বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।

তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদের সময়ে দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সত্য কথা বলতে মানুষ ভয় পেত। বিএনপিসহ গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত অনেকে তখন সাহস করে রাজপথে নেমেছিলেন। অথচ এখন প্রধানমন্ত্রী, তার স্ত্রী, কন্যা এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186094