সোনারগাঁয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার অলিপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ এর অভিযোগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়ার ভাই লাল মিয়া ওই কার্যালয়ে গিয়ে ভাঙচুর করেন। এ সময় তিনি কার্যালয়টি নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ছাত্রদলের নেতাকর্মীদের হুমকি দেন বলেও অভিযোগ করেন তারা।
সনমান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা বিজয় বলেন,“ লাল মিয়া এসে বলেন, ‘এটা কিসের ক্লাব? এটাকে আমি নৌকার ক্লাব বানাব, নৌকার পোস্টার লাগাব। তরা নামলে মারব। তোমরা এই ক্লাব চালাতে পারবে না। তোমরা কার কাছ থেকে এই ক্লাব ভাড়া নিয়েছ?’এ সময় ছাত্রদল নেতা মাসুম, রাকিব ও নিজামুদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।”
এ বিষয়ে অভিযুক্ত লাল মিয়ার বক্তব্য জানতে তার মোবাইলে কল দিলে মোবাইল অফ পাওয়া যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186037