চোরাচালানিদের ফেলে যাওয়া পলিথিনে মিলল গুলি ও পিস্তলসহ ৫ কোটি টাকার আইস
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ১৫-বিজিবির বিশেষ অভিযানে কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং আনুমানিক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে রামখানা বিওপির আওতাধীন সীমান্তে এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি’র সরাসরি নেতৃত্বে বিশেষ টহল দল রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্থাপন করে। পরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোননগর এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারত সীমান্ত থেকে আগত চোরাকারবারিরা তাদের সাথে থাকা পোটলা ফেলে দৌঁড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১ কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ কোটি ১ লাখ ২শ’ টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেয়া হয়েছে। পাশাপাশি জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের সত্যতা ও মান পরীক্ষার জন্য নমুনা গবেষণাগারে (ল্যাব) প্রেরন করা হয়েছে।
১৫-বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস আসল নাকি নিম্নমানের রাসায়নিকের মিশ্রণ, তা নিশ্চিত হতে ল্যাব পরীক্ষা প্রয়োজন। অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির এমন কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186025