বগুড়ার ধুনটে রিমান্ড শেষে কারাগারে  আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য

বগুড়ার ধুনটে রিমান্ড শেষে কারাগারে  আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির মামলায় গ্রেফতারকৃত আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় ধুনট থানা থেকে ২ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর গ্রেফতারের পর ১ অক্টোবর দুপুরের দিকে ৮ চোরকে বগুড়া আদালতে হাজির করা হয়। এসময় আদালত থেকে আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যর ২দিনের রিমান্ড মঞ্জুর করা হলে তাদের থানা হেফাজতে আনা হয়। 

এসব আসামিরা হলো- চট্টগ্রাম শহরের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)। চুরির ঘটনার পরপরই পুলিশ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা চুরি যাওয়া সব কটি মুঠোফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মামলটি তদন্তের জন্য তা প্রকাশ করা যাচ্ছে না।  

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186016