ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়েছে। আজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের।
ডব্লিউসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচটি ‘কারিগরি কারণে’ স্থগিত করা হয়েছে। এক বার্তায় আয়োজকরা বলেছে, ‘৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নির্ধারিত পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে। ম্যাচটি নিয়ে পরবর্তী আপডেট শিগগিরই জানানো হবে।’
তবে ধারণা করা হচ্ছে, পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের অংশগ্রহণ নিয়ে জটিলতার কারণেই এই ঘোষণা এসেছে। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার খবর আগেই প্রকাশিত হয়েছিল।
এর আগে ডব্লিউসিএলের অধিনায়কদের একসঙ্গে দেখা গেলেও সেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের কোনো প্রতিনিধি ছিলেন না। অনুষ্ঠানে দেখা গেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইমরুল কায়েস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186001