ছেলেকে গান শোনাচ্ছেন নোবেল, পুরোনো বিতর্ক কি থামলো?

ছেলেকে গান শোনাচ্ছেন নোবেল, পুরোনো বিতর্ক কি থামলো?

একসময় তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে গানের চেয়ে নানা বিতর্ক, মাদককাণ্ড, নারীঘটিত অভিযোগ ও মামলা-মোকদ্দমা নিয়েই বেশি আলোচনায় এসেছেন তিনি। এবার সেই বিতর্ক পেছনে ফেলে স্ত্রী-সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই যেন মন দিয়েছেন এই গায়ক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। সেসব পোস্টে ফুটে উঠেছে তার জীবনের একেবারে অন্যরকম একটি অধ্যায়।

একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলে জানিয়েছেন তিনি। আর টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়ি থেকে প্রকাশ করা আরেক ভিডিওতে ছেলেকে জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে।

এ ছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে বেশ কিছু মিষ্টি মুহূর্তের ছবিও শেয়ার করেছেন নোবেল। নোবেলের এমন পারিবারিক মুহূর্ত দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া।’

আরেকজন লিখেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।’ অনেক ভক্তই ভালোবাসা প্রকাশ করে নানা মন্তব্য লিখেছেন। তার মধ্যে একজন লেখেন, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই।’

গত বছরও বড় ধরনের বিতর্কে জড়িয়েছিলেন নোবেল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকেই বিয়ে করার খবর আলোচনায় আসে। বর্তমানে সেই স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি।

নোবেলের সাম্প্রতিক পোস্টগুলো দেখে ভক্তদের প্রত্যাশা, অতীতের বিতর্ক পেছনে ফেলে এবার গানে মনোযোগী হবেন এই গায়ক এবং পরিবারকে নিয়ে শান্তিতে জীবন কাটাবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185955