ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার আয়োজন ও মন্দিরের আধিপত্যকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী ও ইস্কন অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট এলাকার শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মন্দিরের আধিপত্য ও আসন্ন দুর্গাপূজার আয়োজন নিয়ে দুইপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার সকালে সনাতন পক্ষ মন্দিরে প্রতিমা স্থাপনের প্রস্তুতি নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নয়জন আহত হন। খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দেয়।

ইস্কন পক্ষের রসুনাথ বলেন, তাদের মন্দিরে অন্যায়ভাবে পূজার আয়োজনের জন্য প্রতিমা স্থাপনের চেষ্টা করা হলে তারা বাধা দেন। এসময় তাদের ওপর হামলা করা হয়। তার দাবি, গত বছর দুই পক্ষ একসাথে দুর্গাপূজার আয়োজন করলেও এবার সনাতন পক্ষ এককভাবে পূজা করতে চাইছে।

অন্যদিকে, সনাতন পক্ষের তাপন রায় বলেন, দীর্ঘদিন ধরে তাদের পূর্বপুরুষরা এই মন্দিরে পূজা করে আসছেন। পরে ইস্কন অনুসারীরা এসে মন্দিরটি দখলের চেষ্টা করছেন। তার দাবি, গত বছর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষ একসাথে পূজা করলেও এবার ইস্কন অনুসারীরা তাদের মন্দিরে প্রবেশ করতে দিতে চাচ্ছেন না।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, গত বছর অনেক চেষ্টার পর মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা সম্ভব হয়েছিল। এবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বরেও মন্দিরের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় একজন নিহত হন। এরপর মন্দিরে দুর্গাপূজার আয়োজনকে কেন্দ্র করে দীর্ঘসময় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি ছিল।

প্রায় ১৫ বছর ধরে পূজার সময় বিভিন্ন বিধিনিষেধের মধ্যে ছিল মন্দিরটি। পরে প্রশাসনের উদ্যোগে দুইপক্ষের মধ্যে সমঝোতা হলে গত বছর মন্দিরটিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তবে এবার পূজা শুরুর আগেই সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185910