পাবনার বেড়ায় সড়কে গর্ত, সংস্কার না হওয়ায় দুর্ভোগে পৌরবাসী
বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া পৌর এলাকার ব্যস্ততম সড়কগুলোর একটি ডাকবাংলো থেকে ফাজিল মাদ্রাসা হয়ে সিনেমা হল পর্যন্ত সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
একইভাবে বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পার হয়ে দক্ষিণ দিকে কর্মকারপাড়া পর্যন্ত প্রায় ১৫০ গজ বাইপাস সড়কটিও খানাখন্দে বেহাল। বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে বাড়ছে দুর্ভোগ। ফলে সড়ক দুটিতে চলাচলকারী শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
ডাকবাংলো থেকে সিনেমা হল পর্যন্ত সড়কটি বেড়া পৌর এলাকার ব্যস্ততম সড়কগুলোর একটি। এর দক্ষিণ পাশে রয়েছে বেড়া ফাজিল মাদ্রাসা, বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সড়ক ব্যবহার করেন। সকাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময়ে সড়কটিতে মানুষের চলাচল বেড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। কয়েকটি স্থানে সড়কের কিনারাও ভেঙে গেছে। বেহাল সড়ক দিয়ে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচলের সময় চালকদের গর্ত এড়িয়ে চলতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে ট্রাক চলার সময় সড়কে ধুলা উড়ে পথচারীদের ভোগান্তি হয়। বর্ষায় কাদাপানি ছিটকে পড়ায়ও দুর্ভোগে পড়তে হয়। গর্তের ওপর দিয়ে ভারী যান চলাচলের কারণে সড়কের ক্ষতিও বাড়ছে।
বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পার হয়ে দক্ষিণ দিকে ১৫০ গজ বাইপাস সড়কটির অবস্থাও দীর্ঘদিন ধরে খারাপ। স্থানীয়দের চলাচলের জন্য ব্যবহৃত এ সড়কটি বেড়া কর্মকারপাড়ার মূল সড়কের সাথে যুক্ত। মূল সড়কের ব্যস্ততা এড়াতেও অনেকে এই পথ ব্যবহার করেন।
বেড়া পৌর এলাকার শাহপাড়া মহল্লার রিকশাচালক মো. আব্দুল খালেক বলেন, ডাকবাংলো থেকে সিনেমা হল পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত এড়িয়ে রিকশা চালাতে গেলে একদিকে গাড়ি আসে, অন্যদিকে গর্ত। তখন খুব সাবধানে চলতে হয়। একটু অসাবধান হলেই রিকশা উল্টে যাওয়ার আশঙ্কা থাকে।
বেড়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা মো. টিটু বলেন, শুধু সড়কের গর্ত সংস্কার করলেই হবে না, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভারী যানবাহনের গতিও নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ বিষয়ে বেড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজুল আলম বলেন, বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বেড়া পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য ২ কোটি টাকা বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের শেষের দিকে উন্নয়নকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185890