ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধনেপাতা ৪শ’ টাকা কেজি
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এক লাফে বেড়েছে ধনেপাতার দাম। খুচরা বাজারে প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ৪শ’ টাকা দরে। গত দুই সপ্তাহ আগেও যা ছিল ২৫০ থেকে টাকা ৩শ’ টাকা।
গতকাল বৃহস্পতিবার হরিপুর সদর কালিগঞ্জ বাজার, হরিপুর নতুন বাজার, তেররা বাজারসহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ৪শ’ টাকা কেজি দরে ধনেপাতা বিক্রি হচ্ছে। বেশি দামের কারণে ক্রেতারা ২শ’ গ্রাম বা ১শ’ গ্রাম কিনছেন। অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছেন।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে। বাইরে থেকে আনা ধনেপাতার পরিবহন খরচও বেশি। দেশ জুড়ে বৃষ্টির কারণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় সবজির দাম বাড়ার যে প্রবণতা তার প্রভাব ধনেপাতার ওপর পড়েছে।
কালিগঞ্জ বাজারে সবজি বিক্রেতা জুয়েল বলেন, আগে বস্তা হিসেবে ধনেপাতা আনতাম। এখন কেজি হিসেবে আনতে হচ্ছে। আড়তে দাম বেশি। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অসময়ে বৃষ্টির কারণে ধনেপাতার ফলন ব্যাহত হয়েছে। নতুন করে চাষ শুরু হলে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে দাম স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185886