রংপুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ৩
রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মহানগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিষ্ণু মূর্তি এবং চারটি কালো পাথরের খন্ডাংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) সদস্যরা। গত বুধবার রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এসময় মূর্তি পাচারকারী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রংপুর মহানগরীর গুপ্তপাড়ার মো. মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মো. মোজাফ্ফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের মো. মাজেদুল ইসলামকে (২৯)। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ সদস্যরা গত বুধবার রাতে রংপুর মহানগরীর কোতয়ালী থানার দক্ষিণ গুপ্তপাড়ার একেএম হুমায়ুন কবিরের চারতলা বিল্ডিং এর ২য় তলার একটি ফ্লাটে অভিযান পরিচালনা করে ১৫.১ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি এবং ৬.৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খন্ডাংশ উদ্ধার করে।
এসময় মূর্তি চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআরবি বাদি হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185884