বাড়িতে সার মজুদ করে জরিমানা গুনলেন জামায়াত নেতা
মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের দায়ে মনিরুল ইসলাম (৪৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।
পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185832