কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স
কুমিল্লা নগরীর নোয়াগাঁও চৌমুহনী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়েছেন।
কুমিল্লা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি জাঙ্গালিয়া রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় ঘটনাটি ঘটে। রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনটি অ্যাম্বুলেন্সটিকে সরাসরি ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের কারণে অ্যাম্বুলেন্সটি ছিটকে রেললাইনের পাশে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বা রোগী ছিলেন না। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185827