সাব্বাশ বাংলামোটরের জনগণ: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাব্বাশ বাংলামোটরের জনগণ: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর বাংলামোটরে চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যেখানেই চাঁদাবাজি, সেখানেই জনতার শক্ত প্রতিরোধ।’

পাটওয়ারী লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ডাকাতি প্রতিরোধ করেছি, সেভাবেই পাড়া-মহল্লায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। জনগণের ঐক্যই হবে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি।’

তিনি লেখেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তাদের প্রতিরোধ করতে হবে।’

সবশেষে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘সাব্বাশ বাংলামোটরের জনগণ। জনতার প্রতিরোধই হোক চাঁদাবাজমুক্ত বাংলাদেশের পথ।’

উল্লেখ্য, রাজধানীর বাংলামোটরে মো. সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠে যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।

সোহানের ভাষ্য, পরে সায়মন দুটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে সায়মন তার সহযোগীদের নিয়ে একটি ভবনে ঢুকে পড়েন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গলিতে জড়ো হয়ে প্রতিবাদ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদেরকে সায়মনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও হামলার অভিযোগ তুলতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির সামনে অবস্থান নেয়। পুলিশ জানায়, সায়মন ও তার দুই সহযোগীকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে। আহত সোহান মামলা করলে ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185826