সেন্টমার্টিনের কাছে সাগরে মালয়েশিয়াগামী নৌযান থেকে উদ্ধার ৭৬, আটক ১১

সেন্টমার্টিনের কাছে সাগরে মালয়েশিয়াগামী নৌযান থেকে উদ্ধার ৭৬, আটক ১১

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে একটি কাঠের নৌযান থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। অপর ৬৫ জন মালয়েশিয়া গমনে প্রতারণার শিকার বলে জানিয়েছে নৌবাহিনী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন সমুদ্র এলাকায় নিয়মিত টহলের সময় নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সেন্টমার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার সময় এফভি ক্রিস্টাল-১ নামের একটি নৌযানের মৎসজীবীরা সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি ভাসমান কাঠের নৌযান দেখতে পায়। নৌযানটিকে সহায়তা করতে এগিয়ে গেলে সেখানে থাকা কয়েকজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে ওই এলাকায় টহলরত বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান নৌযানটিকে উদ্ধার করে। এ সময় সেটিতে পানি প্রবেশ করছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তা দেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185824